ভান্ডারিয়ায় মুগ ডাল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
জেলার ভান্ডারিয়া উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত পিরোজপুর গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (বারি অঙ্গ), সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক বাস্তবায়িত বারি মুগ-৬ এর উন্নত উৎপাদন কলাকৌশল শীর্ষক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার বোথলা গ্রামে অনুষ্ঠিত উক্ত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট, গোপালগঞ্জ এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এইচ এম খায়রুল বাসার। সভাপতিত্ব করেন ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির হাওলাদার।, ভান্ডারিয়া।
মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌসী রহমান, মির্জা তাসনিয়া জিসান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ লুৎফর রহমান, মোঃ মইনুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী মোঃ হাবিবুর রহমান এবং মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
মাঠ দিবসে প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, এনজিও কর্মী অংশগ্রহণ করেন।
প্রকল্পের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট গোপালগঞ্জের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়রুল বাসার উপস্থিত কর্মকর্তা ও কৃষকদের নিয়ে সরেজমিনে মুগ ডাল খেত ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, বোথলা গ্রামে ২৮ জন কৃষক প্রায় ৩৫ বিঘা জমিতে বারি মুগ-৬ এর চাষ করেছে। গত বছর ভান্ডারিয়া উপজেলার মাদার্সী গ্রামে ৫০ বিঘা জমিতে বারি মুগ-৬ এর চাষ করা হয়েছিল। সেটা দেখে বোথলা গ্রামের কৃষকেরা উদ্বুদ্ধ হয়ে চলতি বছর ৩৫ বিঘা জমিতে বারি মুগ-৬ চাষ করেন। অনেক ভাল ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কৃষকেরা ইতিমধ্যে একবার ফসল সংগ্রহ করেছেন। ভালভাবে চাষ করলে বারি মুগ-৬ হেক্টরে প্রায় ২ টন ফলন দিবে। এই এলাকাতে বছরে সাধারনত একটি ফসল ফলানো হয়। আমন ধান কাটার পরে জমি পড়ে থাকে। সেখানে বারি মুগ-৬ চাষ করলে ৬০/৭০ দিনেই কৃষকেরা ফসল সংগ্রহ করতে পারবে এবং বাড়তি আয় নিশ্চিত হবে এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে।
পরে চাষীরা মুক্ত আলোচনায় তাদের সমস্যা ও তার সমাধান সম্পর্কে জ্ঞাত হন এবং ভবিষ্যতে তারা মুগ চাষ আরও বিস্তার ঘটাবেন বলে অভিমত ব্যক্ত করেন।
