প্রধান সূচি

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান হলেন ভান্ডারিয়ার ডা. রফিকুল কবির

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৪ সদস্য বিশিষ্ট এডহক পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির।
দেশের একজন খ্যাতিমান অর্থোপেডিক সার্জন হিসেবে পরিচিত ডা. রফিকুল কবির চিকিৎসা ও সামাজিক কর্মকান্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক সহ-সভাপতি ও সাবেক উপদেষ্টা এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার ১৪ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক পরিচালনা পর্ষদ গঠন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. মো. রফিকুল কবিরকে ভাইস চেয়ারম্যান এবং ডা. আবু মোহাম্মদ মোশাররাফুল ইসলাম (রানা)কে ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ডা. সৈয়দ মহিউদ্দিন হাসান মুরাদ, অধ্যাপক ডা. মো. সাইফুল রহমান, ফারুক উদ্দিন ভ‚ঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. রফিকুজ্জামান, অ্যাডভোকেট জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ গারেয়ার আলম, ড. জসিম আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৈয়বুর রহমান এবং এস এম আসাদুজ্জামান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডহক বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ দিন। জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২০ জুন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফীর হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ভান্ডারিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধ্যাপক ডা. রফিকুল কবিরের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিকে এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন। তার এই অর্জনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial