ভান্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি করিম সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত করিম সিকদার দক্ষিণ তেলিখালী গ্রামের মৃত মোকলেছ সিকদারের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে শিশুটি কঁচা নদীর তীরে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত করিম সিকদার তাকে বলপূর্বক পাশের ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ২০ অক্টোবর তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শিশুটির পিতা গত ২২ অক্টোবর বাদী হয়ে করিম সিকদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় এজাহার দায়ের করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আসামী গ্রেফতার করার পরে থানায় হস্তান্তর করেছে। সোমবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
