প্রধান সূচি

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে কলাখালীতে ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। কালিগঙ্গা নদীর তীরবর্তী এ ইউনিয়নে ঝড়ের আঘাতে বসতবাড়ির উপরে গাছ ভেঙ্গে এবং উপড়ে পড়ে কয়েক’শ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের উদয়কাঠী, গজালিয়া, কলাখালী, পুখুরিয়া, দাউদপুর, চল পুখুরিয়া, কৈবর্তখালীসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার চাম্বল, রেইন ট্রি, মেহগনি, আমড়া, সুপারি, নারিকেল গাছ ভেঙ্গে ও উপড়ে পড়েছে। নষ্ট হয়েছে ধান ক্ষেত, পানের বরজ, পেপে ও কলা ক্ষেতসহ শীতকালীন সবজি ক্ষেত।

রবিবার বেলা ১১ টার দিকে ইউনিয়নের উদয়কাঠীর গজালিয়া গ্রামের মৃধা বাড়িতে বসতঘরের উপর একটি চাম্বল গাছ উপড়ে পড়ে পুরো ঘরটি ভেঙ্গে গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও গৃহহীন হয়ে পড়েছে গৌরাঙ্গ মৃধা, নিত্যানন্দ মৃধা ও সুভাষ চন্দ্র মৃধা নামে তিনটি পরিবার। ঘর বিধ্বস্ত হওয়ায় ঘরে থাকা এসব পরিবারের আসবারপত্র, ফ্রিজ, আলমীরাসহ বিভিন্ন মামালালও ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে কলাখালী ইউনিয়নে ৯০টি বসতবাড়ি সম্পূর্ন এবং ১৩০টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাছ পড়ে, কৃষি ক্ষেত নষ্ট হয়ে ইউনিয়নের এক হাজার দুই শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, বুলবুলে ইউনিয়নের ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial