প্রধান সূচি

পিরোজপুরে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘নিরাপদ খাদ্য, সুস্থ জীবন : প্রেক্ষাপট পিরোজপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের ওমান ভবনের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত কানিজ রাসুল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল ইসলাম চান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
সেমিনারে বক্তারা পিরোজপুরের খাদ্যপণ্যে ভেজালের বিভিন্ন দিক তুলে ধরেন।
তারা বলেন, জেলার মাছ ও শুঁটকি, ফলমূল, দুধ ও দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল, মসলা, বেকারি ও প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্যে রাসায়নিক ও ক্ষতিকর ভেজালের উপস্থিতি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ভেজাল খাদ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাদের সুপারিশের মধ্যে রয়েছে- ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার, উপকূলীয় মনিটরিং সেল গঠন, উপজেলা পর্যায়ে খাদ্য পরীক্ষার জন্য আধুনিক ল্যাব স্থাপন এবং কৃষকদের জৈব চাষাবাদে উৎসাহিত করা।
এছাড়া স্কুল-কলেজ, মসজিদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্য আইন এবং ভেজাল খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরামর্শ দেন তারা। একই সঙ্গে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সেমিনারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial