প্রধান সূচি

পিবিপ্রবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনাকে ধারণ করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাঙালির প্রতিটি মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য প্রেরণার কথা স্মরণ করেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় বীর। কবির শেষ ইচ্ছা অনুযায়ী এবং তাঁর মৃত্যুর পর আরেক জাতীয় বীর, স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক সিদ্ধান্তে জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত (দাফন) করা হয়, যা জাতির পক্ষ থেকে কবির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের এক অনন্য নিদর্শন।
তিনি আরও বলেন, নজরুলের সাম্য ও বিদ্রোহের চেতনায় উদ্বুদ্ধ হয়েই এ দেশের মানুষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।
আলোচনা সভায় অন্যান্য আলোচকবৃন্দ ও ভাইস-চ্যান্সেলর সংগ্রামী চেতনা জাগ্রত রাখতে কবির কালজয়ী রণসঙ্গীত এবং ‘বিদ্রোহী’ কবিতার ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা উল্লেখ করেন, যুগে যুগে শোষিত ও নিপীড়িত মানুষের কন্ঠে সাহস জুগিয়েছে নজরুলের এই অনবদ্য সৃষ্টিগুলো।
আলোচনা শেষে নজরুল বর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial