মঠবাড়িয়ার কৃতি সন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন
গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে শহীদ পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতিসন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টি (এরশাদ) জাপা নেতা মশিউর রাঙার কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ‘জাগো লক্ষ নূর হোসেন’ নামের সংগঠনের উদ্যোগে মঠবাড়িয়া শহীদ মিনার সস্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। এছাড়া মানববন্ধনে নূর হোসেন গ্রামের সংগঠন ‘শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদ ও শহীদ নূর হোসেন চত্বর’ ও সরকারি কলেজ ছাত্রলীগ সংহতি জানান।
মানববন্ধন শেষে মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা, শহীদ নূর হোসেন এর চাচাত ভাই মো. নূরুল ইসলাম, জাগো লক্ষ নূর হোসেন এর উপদেষ্টা সাংবাদিক দেবদাস মজুমদার ও পৌরসভা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন।
সভায় বক্তরা মঠবাড়িয়ার কৃতি সন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতা মশিউর রাঙার কুরুচিপূর্ণ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তার সংসদ সদস্য পদ বাতিল করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
