প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইউএনও অফিসের চাবি চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তার অফিস থেকে চাবি চুরির ঘটনায় মামলা হয়েছে। উপ-প্রশাসনিক কর্মকর্তা তানভীর খান বাদী হয়ে বুধবার মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার একমাত্র আসামী হচ্ছেন মঠবাড়িয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং উত্তর মিঠাখালী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে এবিএম ফারুক হাসান।
মামলায় উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান ঘটনার দিন অফিস চলাকালীন সময়ে তার নিজ প্রয়োজনে ইউএনও অফিসের ওই কক্ষে প্রবেশ করেন। এরপর তিনি সুযোগ বুঝে উপ-প্রশাসনিক কর্মকর্তার ওই অফিসের চাবিসহ অন্যান্য সর্বমোট ২৫টি চাবিযুক্ত এবং এর সাথে সরকারি তথ্য সংবলিত পেনড্রাইভ ও চাবির ছড়াটি চুরি করিয়া নিয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সিসি ক্যামেরায় তাকে চাবি নিতে দেখা যায়। এরপর তাকে ফোন দিলে চাবি নেওয়ার বিষয়টি অস্বীকার করে। একপর্যায়ে ৩/৪ ঘন্টা পর চেয়ারম্যান অফিসে এসে চাবির ছড়াটি ফেরত দেন তিনি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান এর একাধিক অনিয়ম গোপনীয় প্রতিবেদন ওই অফিসে সংরক্ষিত আছে। বিবাদী ইতিপূর্বে মৌখিকভাবে ওই প্রতিবেদন দেখতে চেয়েছিল। কিন্তু না পেয়ে সে এই পথ অবলম্বন করে। অফিসের সরকারী নথিপত্রের বিনষ্ট সাধন করে উপজেলা নির্বাহী অফিসারের ওই গোপনীয় কর্মকর্তার চাকুরি জীবনের ক্ষতি সাধনের চেষ্টা করে। বিবাদী সরকারি অফিসসহ ইউএনও বাংলোর সকল চাবির নকল কপি তৈরি করতে পারেন বলেও সন্দেহের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে সরকারী নথিপত্রের ক্ষতিসাধন হলে ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান দায়ী থাকবে বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত এবি এম ফারুক হাসান জানান, ভুলবশত: চাবি আনলেও ফেরত দিয়েছি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial