পাইকগাছায় ১৪৯টি মন্ডপে দূর্গা পূজা
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছার পূজা মন্ডপগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে।
এ বছর পাইকগাছা উপজেলায় ১৪৯টি মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দির গুলিতে প্রতিমা তৈরীর কারিগররা দিনরাত কাজ করছেন। প্রতিমা তৈরীর মাটির কাজ প্রায় শেষ হয়েছে। কোথাও কোথাও রঙের কাজ চলছে। হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বইতে শুরু করেছে।
জানা গেছে, এবছর উপজেলায় ১৪৯টি মন্দির ও মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৪৯টি মন্দির ও মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। এরমধ্যে পৌরসভা ৭টি, হরিঢালী ২০টি, কপিলমুনি ১৯টি, লতা ১২টি, দেলুটি ১৩টি, সোলাদানা ১৩টি, লস্কর ১৬টি, গদাইপুর ৫টি, রাড়–লী ২০টি, চাঁদখালী ১২টি ও গড়াইখালী ইউনিয়নে ১২টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।
আগামী ৩ অক্টোবর পঞ্চমীতে দূর্গাদেবীর বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা শুরু হবে। ৮ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী পূজার মধ্য দিয়ে শারদীয়া দূর্গা পূজা শেষ হবে।
পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু জানান, পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সকল পূজা মন্দিরে সভাপতি ও সম্পাদক নিয়ে মতবিনিময় সভার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শারদীয়া দূর্গা উৎসব সুশৃংখল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
