প্রধান সূচি

পাইকগাছা বাজার ও দেলুটির বাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবিত

পাইকগাছায় বাঁধ ভেঙ্গে জোয়ারের উপচে পড়া পানিতে দেলুটি ইউনিয়নের ৩টি গ্রাম ও পাইকগাছা পৌর বাজারের আংশিক প্রবল জোয়ারের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেলুটি ইউনিয়নের ৩টি গ্রামের কয়েক’শ পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গিয়ে শত শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে অসংখ্য চিংড়ি ঘেরের মাছ।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ইজারাদারের খামখেয়ালী ও অবহেলার কারণে সোমবার দুপুরে বাঁধ ভেঙ্গে চকরিবকরি বদ্ধ নদীর জোয়ারের উপচেপড়া পানি ভিতরে প্রবেশ করে ইউনিয়নের গেওয়াবুনিয়া, চকরিবকরি ও পারমধুখালীসহ ৩টি গ্রামের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বাঁধটি মেরামত করলেও সকালে পুনরায় ভেঙ্গে যায়। ফলে দু’দফা ভাঙ্গনের কারণে জোয়ারের পানিতে এলাকার বিস্তির্ণ এলাকা পুনরায় তলিয়ে যায়। এতে ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ কয়েক’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করার চেষ্টা করা হচ্ছে। তবে সরকারিভাবে সহায়তা করা হলে বাঁধটি মেরামত করতে সহজ হবে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।

পৌর বাজারের খেয়াঘাট রোড, কাঁচা বাজার, মাংস বাজার, মাছ বাজার, কাপড় পট্টি, কামার ও কাঁকড়া ডিপোসহ থানা রোড প্রবল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

বাজারের মাছ ব্যবসায়ী আকবর মোড়ল জানান, জোয়ারের পানিতে বাজার এলাকায় তলিয়ে যাওয়ায় ক্রেতারা না আসায় বেচা-কেনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

জানা গেছে, শিবসা নদীর তীর বাজার এলাকায় বেড়িবাঁধ না থাকায় নদীতে প্রবল জোয়ার হলে বাজার এলাকা প্লাবিত হয়। এ কারণে ব্যবসায়ীরা বাজার এলাকায় বেড়িবাঁধ দেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ  কামনা করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial