ভান্ডারিয়ায় স্কুল ছাত্রের কারাদন্ড
ভান্ডারিয়ায় মোঃ নাঈম ইসলাম (১৯) নামের এক স্কুল ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক ভান্ডারিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস বলেন ইভটিজিংয়ের অপরাধে তাকে এ দন্ড দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম ইসলাম ইকড়ি গ্রামের রুহুল আমিন মীরের ছেলে ও বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে দির্ঘদিন যাবৎ তার সহপাঠির সাথে প্রেম করে আসছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিবাহ হলে রবিবার খুব সকালে একটি কাল রংয়ের বোরখা পড়ে সে বোথলা গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে আসলে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসারের নিকট হাজির করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদন্ড দেয়।
