পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী মশক নিধন অভিযানে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনের জলাবদ্ধতা নিরসন, আগাছা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভাগুলোতে মশক নিধন কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ব্যক্তিবর্গ সর্বসাধারণ একত্রিত হয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
