বাগেরহাটে অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই
বাগেরহাটের চিতলমারী উপজেলার পাগলা বাজারের মাদার তেরেসা মার্কেটে অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া ৫টি দোকানের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ।
ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন, সংকর ভ্রমের পার্সের দোকান, মিনজিল শেখের পার্সের দোকান, তুহিন শেখের মুদির দোকান, পল্লী চিকিৎসক বদরুল ইসলামের চেম্বার কাম ঔষধের দোকান, ও হাফিজুর রহমান শেখের মুদির দোকান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ভোর রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসে। এসময় আগুন নেভানোর জন্য সবাই চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণ করতে করতে সব দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিতলমারী উপজেলা পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
