প্রধান সূচি

পিরোজপুরে আ’লীগের আনন্দ মিছিল

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী’র শপথ নিলেন শ ম রেজাউল করিম

নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। মন্ত্রী হিসেবে তিনি গতকাল সোমবার শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল ৩ টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এ শপথ পড়ান।
শ. ম. রেজাউল করিমের মন্ত্রীত্ব লাভের মধ্য দিয়ে অবশেষে পিরোজপুর-১ আসনের জনগনের ২৮ বছরের বঞ্চনার অবসান ঘটলো। দীর্ঘ ২৮ বচল পর এ আসনে সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্ব পেলেন। ফলে পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলাবাসী বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িত হলো। দুঃখ মোচন হলো এ তিন উপজেলার জনগণের। সেই সাথে একজন শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় রাজনীতিবিদ পূর্ন মন্ত্রী হওয়ায় পিরোজপুর-১ আসনসহ পিরোজপুর জেলার উন্নয়নের নতুন মাত্রা যোগ হবে বলে বিশিষ্টজনরা মনে করেন।
পিরোজপুর-১ আসনে সর্বশেষ ১৯৯০ সালে মন্ত্রী ছিলেন নাজিরপুর উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের সন্তান মোস্তফা জামাল হায়দার। তিনি তখন মৎস্য ও পশু পালন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি গণপূর্ত মন্ত্রী ছিলেন। এরপর দীর্ঘ ২৮ বছরে পিরোজপুর-১ আসনে কোন মন্ত্রীত্ব ছিল না। তবে পিরোজপুর-২ আসনে এরশাদ সরকারের সময় মন্ত্রী থাকা বর্তমান জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী সরকারের গত দুই বারেই মন্ত্রী ছিলেন। তিনি প্রায় ১৭ বছর মন্ত্রীত্ব করেছেন।
তবে দীর্ঘ ২৮ বছর পরে পিরোজপুর-১ আসনে আবারও মন্ত্রীত্ব ফিরে এসেছে সেই নাজিরপুর উপজেলার একই ইউনয়ন মাটিভাঙ্গা এর তারাবুনিয়া গ্রামের সন্তান শ. ম. রেজউল করিমের হাত ধরে।
পিরোজপুর-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত শ. ম. রেজাউল করিম টেলিভিশন টকশোতে একজন সুবক্তা ও অতি পরিচিত মুখ। সমসাময়িক যে কোনো ঘটনায় টিভির পর্দায় নিয়মিত দেখা যেত তাকে। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এডভোকেট রেজাউল করিম আইনজীবীদের মধ্যেও বেশ জনপ্রিয় এবং দেশের সর্বজনের কাছে অতি পরিচিত মুখ।
পেশাগত জীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মতো গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ছিলেন। ১/১১ এর সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী ছিলেন। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ সেলিমেরও আইনজীবী ছিলেন তিনি। বিগত ১/১১ এর সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সর্ব প্রথম সাক্ষাৎ করে শেখ হাসিনার পক্ষে আইনী লড়াই শুরু করেন শ. ম. রেজাউর করিম।
ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এডভোকেট শ. ম. রেজাউল করীম ১৯৮০ সালে খুলনা দৌলতপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন, ১৯৮১ সালে খুলনা কৃষি কলেজের জিএস ছিলেন। ১৯৮৯ সালে নাজিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সাল থেকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদে রয়েছেন। ২০১৮ সালে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেন দলের সভাপতি শেখ হাসিনা।
তিনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান।
পিরোজপুর ও ঢাকায় আইন পেশার পাশাপাশি শ. ম. রেজাউল করিম সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৯১ সালে পিরোজপুরে থাকাকলীন সময়ে তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে ঢাকায় গিয়ে তিনি আইন পেশা শুরু করেন। এ সময় তিনি প্রথম আলো পত্রিকার সুপ্রিমকোর্ট রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
এডভোকেট শ. ম. রেজাউল করিম পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য। তিনি নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
প্রথমবার নির্বাচিত নতুন এ সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পিরোজপুর জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস। তার হাত ধরে পিরোজপুরের কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে বলে আশা করছেন পিরোজপুরের সাধারণ মানুষ। আর একজন ক্লীন ইমেজের এবং যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী হওয়ায় পিরোজপুরের উন্নয়নসহ রাজনৈতিক অঙ্গনেও নতুন মেরুকরণ হবে বলে অনেকে মনে করছেন।
এডভোকেট শ. ম. রেজাউল করিম মন্ত্রী হওয়ায় পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ্ আলম বলেন, শ. ম. রেজাউল করিম মন্ত্রী হওয়ায় স্বরূপকাঠীবাসী সবাই খুশি। তিনি মন্ত্রী হওয়ায় পিরোজপুরসহ বিশেষকরে অনুন্নত স্বরূপকাঠী উপজেলায় অনেক উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসিয়েছেন। শ. ম. রেজাউল করিমের মন্ত্রীত্বলাভে গোটা দক্ষিণাঞ্চলো উন্নয়ন আরো অনেক এগিয়ে যাবে।
এদিকে, শ.ম. রেজাউল করিমকে মন্ত্রী হওয়ায় গতকাল সোমবার বিকেলে পিরোজপুরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নব নিযুক্ত মন্ত্রী শ. ম. অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক ও জেলা ও যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, সাবেক ভিপি শেখ ফিরোজ আহম্মেদসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial