প্রধান সূচি

এ কেমন নিষ্ঠুরতা ?

জিয়ানগরে চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ

সামান্য একছড়া সুপারি ও এক ফালি কলা চুরি করে নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র এবং মানসিকভাবে অসুস্থ।
অভিযোগ রয়েছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ। তিনি হতদরিদ্র। মাঝে মধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা ঠিক হয়নি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘেরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial