পিরোজপুরে হাবিবুর রহমান মালেককে দলীয় মানোনয়ন দেয়ার দাবী জানিয়ে মিছিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সমর্থনে শহরে মিছিল-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি গ্রুপ।
আজ শুক্রবার সন্ধ্যায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের কয়েক শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে শহরের বিলাস চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম হিরু। পথসভায় পিরোজপুর-১ আসনে মো. হাবিবুর রহমান মালেককে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দাবী জানানো হয়।
