প্রধান সূচি

মঠবাড়িয়ায় এ্যাপ্রোচ বিহীন সেতু ॥ জনদূর্ভোগ চরমে

পিরোজপুরের মঠবাড়িয়ায় টিয়ারখালী-লক্ষনা সংযোগ সড়কে দুই কোটিরও অধিক টাকা ব্যয়ে নির্মিত সেতুর দু’পাশে সংযোগ (এ্যাপ্রোচ) সড়ক না থাকায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেতু নির্মাণের এক বছর পার হলেও দুই পাশের সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোন কাজেই আসছেনা। সেতু সংশ্লিষ্ট বাজার, মাধ্যমিক স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়রা জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই সেতু সংশ্লিষ্ট একটি ভোট কেন্দ্র থাকায় ভোটার ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সেতু পার হতে চরম বিপাকে পড়তে হবে। টিয়ারখালী ও লক্ষনা সংযোগ সেতুটি গত এক বছর পূর্বে নির্মাণ কাজ সম্পন্ন হলেও সেতুর দুই পাশের এ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ ফেলে রাখায় সেতুটি মানুষের কোন উপকারে আসছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৩-১৪ অর্থবছরে এমআইডির প্রকল্পের আওতায় দুই কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ একটি সেতু নির্মানের প্রকল্প অনুমোদিত হয়। পরে দরপত্র আহবানের পর সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ২০১৭ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরে সেতুটির নির্মাণ কাজ শেষ করে। কিন্তু দুই পাড়ের সংযোগ সড়ক নির্মাণ কাজ না করে প্রকল্পের সমুদয় বিল তুলে নেয়।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, জনগনের উপকারের কথা ভেবে সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় সেতুটিকে অহেতুক সেতু নামে আখ্যা দিয়েছে এলাকাবাসী। সেতুটি এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। জনস্বার্থে দ্রুত সেতুটির এ্যাপ্রোচ সড়ক নির্মাণ জরুরী।
উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, জমি নিয়ে জটিলতার কারণে এ্যাপ্রোচ সড়ক নির্মাণে জটিলতা দেখা দেয়। বিষয়টি যেহেতু জনগুরুত্বপূর্ণ তাই দ্রুততার সাথে তা সমাধান করে এ্যাপ্রোচ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial