স্বরূপকাঠীতে ক্রীড়ানুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একটি বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সুচিতা শরমিনকে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তার (ভিসি) বিরুদ্ধে ফ্যাসিষ্ট হাসিনার পক্ষে বিবৃতি প্রদান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্যাসিষ্ট আখ্যা দেয়া, আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ এনে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়।
উপজেলার আলকির হাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয় এবং আলকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০তম বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিসি ড. শুচিতা শরমিনকে প্রধান অতিথি করা হয়েছিল। অতিথির আগমনের খবর পেয়ে আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন করা হলেও উপজেলা যুবদল ও ছাত্রদলের কিছু নেতার নেতৃত্বে মূলত ওই বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির আলম জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শরমিন একজন জ্ঞানী মানুষ। তিনি ক্রীড়ানুষ্ঠানের প্রধান অতিথি হয়ে স্কুলে এসেছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করে চলে গেছেন। এসময় স্কুলের বাইরে একটু উত্তেজনা হয়েছিল।
বিদ্যালয়ের সভাপতি ড. মিজান রহমান জানান, সুচিতা শরমিন একজন জ্ঞানি লোক। তিনি অত্র বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। এটা একটা খুশির খবর। তিনি আওয়ামী লীগের দোষর নয়। তিনি বর্তমান সরকারের নিয়োগপ্রাপ্ত লোক। এখানে এতো রাজনৈতিক দলাদলি আছে জানলে তিনি আসতেন না।
নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনি সৈকত জানান, উপাচার্যকে প্রধান অতিথি করায় স্কুলের বাইরে মানববন্ধন হয়েছে। যুবদল, ছাত্রদলের কিছু লোক ও তাদের সাথে ছাত্রলীগের কিছু লোক এক হয়ে ঝামেলা করেছে বলে শুনেছি।
