প্রধান সূচি

স্বরূপকাঠীতে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদের চারতলা ভবন থেকে নিচে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে উপজেলা পরিষদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পাশের কাউখালী উপজেলার মো. ইদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন চারতলা ভবনের ৫ম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে. কে. এন্টারপ্রাইজ। নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে টিনের শেডের ওপর বসে পাশের অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন জসিম। এ সময় টিনের শেড ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠিকাদারী কাজের প্রতিনিধিত্বকারী মো. শামীম বলেন, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা যেভাবে চাইবেন, সেভাবেই সহযোগিতা করা হবে।
নেছারাবাদ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ওই ভবনের ৫ম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর কে. কে. এন্টারপ্রাইজ। শুক্রবার রাতে সেফটি নেটের অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে ওই যুবক ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই রোগীকে নিয়ে আসার সময় তার প্রেসার ছিলনা, অস্থিরতাভাবসহ তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, ৫ম তলার কাজের জন্য ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই যুবক উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যুর খবর পাই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial