প্রধান সূচি

প্রোফাইল ছবিতে প্রতিমন্ত্রীর ছবি না দেওয়ার আহ্বান

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখতেই এমন বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী।
বুধবার বিকেলে পাঠানো এক বার্তায় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এ অনুরোধ জানান।
বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা তাঁর উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, আমিও এমন একটি বার্তা পেয়েছি। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ নি:সন্দেহে ইতিবাচক চিন্তার বহি:প্রকাশ। সামনে স্থানীয় সরকার নির্বাচন। কেউ কেউ প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করে নিজ নিজ এলাকায় নিজেদের প্রভাবশালী হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে পারেন। বা অন্যকোন সুযোগ নেয়ার চেষ্টা করতে পারেন। মনে হয় এ ধরনের প্রবণতারোধে প্রতিমন্ত্রীর এমন সৃজনশীল উদ্যোগ। তিনি বলেন, এই উদ্যেগকে আমি শ্রদ্ধা জানাই।
স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান বলেন, প্রতিমন্ত্রী মহোদয়ের এমন বার্তার বিষয়টি আমরা জেনেছি। কারণ তার ছবি ব্যবহার করে কেউ কেউ অসৎ সুবিধা নিতে পারে। এটি একটি ভালো সিদ্ধান্ত। এতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি।
প্রতিমন্ত্রীর পাঠানো বার্তায় আরও উল্লেখ করা হয়, এ অনুরোধ কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তায় এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial