পিরোজপুরের নেছারাবাদে বাজারে আগুন : ১৮ দোকান পুড়ে ছাঁই
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের সারা জীবনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে নি:শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছায় ভোরে। সড়কের সেতু ভাঙা থাকায় সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসি থেকে প্রথমে আগুনের কুন্ডলী দেখতে পান বাজারের কয়েকজন বাসিন্দা। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বাজারে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে ব্যবাসয়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাতে আগুন লাগার পর ভোর পর্যন্ত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের অন্য পাশে তার দোকান থাকায় সেটি রক্ষা পেলেও অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। দোকানের পাশাপাশি বসতঘর পুড়ে যাওয়ায় দুটি পরিবারের সদস্যরা এখন এক কাপড়ে রয়েছেন।
বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তার দাবি, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারলে হয়তো পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মইনুল হক রাসেল বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সময়মতো পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো।
নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কের সেতু ভাঙা থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
