পিরোজপুরে পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা বন্ধ
আরইবি এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিভাগীয় শাস্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পিরোজপুর ও পাথরঘাটা পিল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শুক্রবার বিকেল ৩টা থেকে পিরোজপুর ও পাথরঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা বন্ধ রেখে তারা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
ফলে ভোগান্তিতে পড়েছে পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকরা।
পাথরঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার আব্দুস সালাম জানান, গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি, পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূতকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে কর্মকর্তা কর্মচারীরা প্রায় ১০ মাস ধরে আন্দোলন করে চলছে। আমরা অফিসিয়ালভাবে নিয়ম মেনে শান্তিপূর্নভাবে আন্দোলন করতেছি। গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের ক্ষমতা ক্ষুন্ন হয়ে যাবে তাই তারা এটা চাচ্ছে না। তারা খারাপ মিটার, তারসহ বিভিন্ন খারাপ মালামাল কিনে আমাদের দিচ্ছে, আর বদনাম হচ্ছে আমাদের। দুটি একই প্রতিষ্ঠান একই নিয়মে চলবে। এ আন্দোলনের মধ্যেই আমাদের ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং অনেক কর্মকর্তা পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে। এ জন্যই পিরোজপুর ও পাথরঘাটা পল্লীবিদ্যুৎ সমিতিসহ সারাদেশে গ্রহকসেবা বন্ধ রয়েছে।
ডেপুটি জোনাল ম্যানেজার আব্দুস সালাম আরো জানান, আমাদের পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকসেবা বাগেরহাট থেকে বন্ধ রয়েছে। এতে পিরোজপুরের ৭টি উপজেলায় ৪ লাখ ৫ হাজার গ্রাহকসেবা বন্ধ রয়েছে।
