বিএনপির অফিস পোড়ানোর অভিযোগ
স্বরূপকাঠীতে আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নেছারাবাদে বিএনপির অফিস পোড়ানোর অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শুক্রবার রাতে বলদিয়া ইউনিয়নের জনৈক মো. মাসুম তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে নেছারাবাদ থানায় ৬৩ জন নামীয়সহ আরো অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
৪ বছর পূর্বে মামলায় উল্লেখিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলার বলদিয়া ইউনিয়নের বিএনপির একটি অফিস ভাংচুর করে পুড়িয়ে দিয়েছেন বলে বাদীর অভিযোগ।
আসামীদের মধ্যে এক নম্বর আসামী এস এম মুইদুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান। মামলার আসামীদের মধ্য ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্যসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদ পদবীধারী নেতার নাম রয়েছে। আসামীরা সব পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
এর আগে গত ২ অক্টোবর বিএনপির ক্যাম্প ভাংচুর, আগুন সন্ত্রাস, মারধরের অভিযোগে দলটির ৩৮ জন নামীয়সহ অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। নেছারাবাদ উপজেলার যুবদল নেতা মো. আসাদ বাদী হয়ে নেছারাবাদ থানায় ওই মামলাটি দায়ের করেছেন। তখন পুলিশ মামলার আসামীদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শহিদুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা মো. কবির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মিন্টু ফকির এবং ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মুহিদ মাহামুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন জানান, ২০১৯ সালে বলদিয়া ইউনিয়নের বিএনপির একটি অফিস পোড়ানোর অভিযোগে গত শুক্রবার রাতে মো. মাসুম তালুকদার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন।
