প্রধান সূচি

বন্যাদুর্গতদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে পিরোজপুরে জন্মাষ্টমীর উৎসব পালিত

দেশের বন্যাদূর্গতদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে পিরোজপুরে জন্মাষ্টমীর উৎসব পালিত হয়েছে। জন্মাষ্টমীর শোভাযাত্রার পূর্বে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
পিরোজপুর শহরের শ্রী শ্রী মদন মোহণ জিঁউর মন্দির প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিশেষ প্রার্থনায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়। প্রার্থনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমীর এক বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রাজারহাটের রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকিত হাসান খান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক দোলা রানী গুহ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝী, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক সুনীল কুমার চক্রবর্তী, ডা. তপন কুমার বসুসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশ নেন।
এছাড়া সোমবার বিকেল ৫টায় রাজারহাট রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা ও গীতাপাঠ এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলার ইস্কন মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন কমিটির পিরোজপুর জেলার সদস্য সচিব সুমন দাস। সুমন দাস জানান, এবারের জন্মাষ্টমীর কর্মসূচি খরচের একটি অংশ বাঁচিয়ে বন্যাদুর্গতদের সাহায্যের জন্য প্রেরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial