প্রধান সূচি

২০১৩ সালে শ্রমিক গুমের ঘটনায়

পিরোজপুরে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে পিরোজপুর আদালতে একটি গুমের (অপহরণ) মামলা হয়েছে।
পিরোজপুর থেকে সানি হাওলাদার (২০) নামে বিএনপির সমর্থিত এক শ্রমিককে গুম করার অভিযোগে রবিবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি করেন গুম হওয়া সানি হাওলাদারের বাবা বাবুল হাওলাদার। সানি ঢাকার সদরঘাটের একজন শ্রমিক ছিলেন।
আদালতের বিচারক হেলাল উদ্দিন মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য পিরোজপুর সদর থানার ওসিকে দিয়েছেন।
মামলায় অন্য আসামীদের মধ্যে রয়েছেন- সংরক্ষিত নারী আসনের (২৪নং আসন) সাবেক এমপি সানজিদা খানম, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, র‌্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান, র‌্যাব-১০ এর তৎকালীন কমান্ডিং অফিসারসহ ৪জন র‌্যাব সদস্য এবং সদরঘাট এলাকার আওয়ামী লীগ ও শ্রমিক নেতা। এছাড়া মামলায় আরও ১৫/২০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজধানীর কদমতলী এলাকার কলেজ সড়কের বাসিন্দা সদরঘাটের শ্রমিক বাবুল হাওলাদারের ছেলে মো. সানি হাওলাদার সদরঘাটের শ্রমিক এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক এমপি সানজিদা খানম লোকজন দিয়ে সানি হাওলাদার তাদের দলে নেওয়ার জন্য চেষ্টা করেন। তাদের দলে না যাওয়ায় তারা লোকজন দিয়ে সানিকে প্রাণনাশের হুমকি দেয়। আসামিদের ভয়ে বাবুল হাওলাদার দুই ছেলে সানি হাওলাদার ও হিরা হাওলাদারকে নিয়ে পিরোজপুর সদর উপজেলার দুর্গপুর গ্রামে ভায়রা বজলু সিকদারের বাড়িতে বসবাস শুরু করেন।২০১৩ সালের ১০ জানুয়ারি রাতে বজলু সিকদারের বাড়িতে র‌্যাব-১০ এর সদস্যরা এসে ঘর তল্লাশি চালিয়ে সানি হাওলাদারকে আটক করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ১১ জানুয়ারি বাবুল হাওলাদার রাজধানীর ধলপুরে অবস্থিত র‌্যাব-১০ এর কার্যালয়ে গিয়ে সানি হাওলাদারের ব্যাপারে জানতে চান। এ সময় র‌্যাব-১০ এর কর্মকর্তারা সানি হাওলাদারকে আটকের কথা অস্বীকার করেন। এরপর বাবুল হাওলাদার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোন সন্ধান পাননি। এখনও তার ছেলে নিখোঁজ রয়েছে।


মামলা দায়েরের পরে বরিবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে মামলার বাদী বাবুল হাওলাদার বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ছেলের গুমের বিচার চেয়ে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর কাছে গিয়ে কোন বিচার চান নি। কোন মামলাও দিতে পারেন নি। এখন শেখ হাসিনার সরকারের পতনের পরে ন্যায্য বিচারের আশায় ছেলেকে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আকন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সদর থানার ওসিকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এডভোকেট খায়রুল বাসার শামীম, এডভোকেট আকরাম আলী মোল্লা উপস্থিত ছিলেন।
পিরোজপুর সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, একটি মামলার কথা শুনেছি, তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত আদালত থেকে মামলার আদেশের কোন অনুলিপি থানায় আসেনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial