পাইকগাছায় পাখি শিকার রোধে বিলবোর্ড ও গাছে মাটিরপাত্র স্থাপন
পাখি শিকার রোধে ‘পাখির অভায়রণ্য পাইকগাছা’ সচেতনতামূলক বিলবোর্ড ও পাখির বাসার জন্য গাছে মাটিরপাত্র স্থাপন করা হয়েছে পাইকগাছা উপজেলা চত্ত্বরে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যোগে ও পাইকগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিলবোর্ড ও মাটিরপাত্র স্থাপন করা হয়।
পাখিসহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে, শিকারী ও অসাধুদের সতর্ক করতে মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরে বিলবোর্ড ও গাছে মাটিরপাত্র স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। পাখি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি শিকার না করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। বিলবোর্ড স্থাপন করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এডভোকেট শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, কবি মোড়ল কওসার আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু হানিফ সরদার, পরিবেশ কর্মি রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না প্রমুখ।
বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ। পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদন্ড এবং ২ লাখ টাকা জরিমানা।
উল্লেখ্য, ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভায়রণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বুতকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে।
