পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
পিরোজপুরে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম সভাপতিত্বে রবিবার দুপুরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা), সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু প্রমুখ।
সভায় ১লা বৈশাখ উদ্যাপনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে সকাল ৯টায় শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণিল মঙ্গলশোভা যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হবে। ১লা বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বৈশাখী মেলার আয়োজন করা হবে। এ লোকজ মেলায় বাঙ্গালীর সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে জড়িত মুড়ি, চিড়া, গুড়, তালপাখা, মৃৎশিল্প, মধু, পাটজাত দ্রব্যসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে ষ্টল সাজানো হবে। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাবৃন্দসহ সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষজন অংশগ্রহণ করবে। পিরোজপুর জেলার সকল উপজেলায় মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হবে।
