প্রধান সূচি

পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্রকে মুক্তিপনের দাবীতে হত্যা ॥ আটক-১

পাইকগাছায় মুক্তিপনের দাবীতে অপহৃত আমিনুর রহমান (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে নিহতের রক্ত পাওয়া গেলেও লাশ পাওয়া যায়নি। মুক্তিপনের টাকা আদায়কালে অপহরণ চক্রের একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টার দিকে আগড়ঘাটা বাজার থেকে ৪/৫ জনের একটি চক্র আমিনুর রহমানকে অপহরণ করে। রাত ১০টার দিকে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয় বলে আটক ফয়সাল পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার দেয়া তথ্য মতে পুলিশ রক্তের আলামত সনাক্ত করেন বলে ওসি জিয়াউর রহমান জানান।
নিহত আমিনুর শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে এবং কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। অজ্ঞাত স্থানে নিয়ে আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে তার পিতা ছুরমান গাজীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণ চক্রটি। টাকা পাইকগাছা ব্রীজের নীচে রাখতে বলে। অপহরণকারীর কথামত কিছু টাকা সেখানে রাখা হয়। ঐ স্থান থেকে সোমবার দুপুর ১টায় টাকা নিয়ে চলে আসার সময় চারপাশে মোতায়ন করা লোকেরা অপহরণকারী ফয়সাল সরদারকে আটক করে পুলিশে দেয়। সে গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেয়। তার সাথে আরও ৪/৫ জন রয়েছে বলে অপহৃতের পিতা জানিয়েছেন। অপহৃত আমিনুলের লাশের সন্ধান এখনও মেলেনি।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, একজন আটক হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত আমিনুরের লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial