পিরোজপুরে শহীদ শেখ ফজলুল হক মনি ও আরজু মনি ‘ফ্রি অক্সিজেন ব্যাংক সেবা’ কার্যক্রম উদ্বোধন
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুর জেলা যুবলীগের উদ্যোগে শহীদ শেখ ফজলুল হক মনি ও আরজু মনি ‘ফ্রি অক্সিজেন ব্যাংক সেবা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্রি অক্সিজেন ব্যাংক সেবা’ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মুঠোফোনে অনুষ্ঠানের সাফল্য কামনা এবং যুবলীগের নেতা কর্মীদেরকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল বসু, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আহসান, যুবলীগ নেতা বাদল দাস, পিরোজপুর জেলা ছাত্রলীগের সম্পাদক অনিরুজ্জামান অনিক।
যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীমের সার্বিক তত্বাবধানে অক্সিজেন সেবা কার্যক্রমে প্রাথমিকভাবে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু করেছে। করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে যুবলীগের কর্মীরা এ সেবা প্রদান করবেন।
