পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি বলেন, আজকে আমরা আপনাদেরকে যা দেবো তা কোন অর্থ সহায়তা নয়, বরং এটা একটা শুভেচ্ছা উপহার। সমাজে যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, সেইসব মানুষদের সুখে দু:খে সকলের পাশে দাঁড়ানো উচিত। আমাদের দায়িত্বের সেই জায়গা থেকে একটু দায়িত্ব পালন করেছি। তিনি এই টাকাকে একটি পুঁজি হিসেবে ধরে এর সাথে নিজেদের সামর্থ্য অনুযায়ী আরো কিছু টাকা যুক্ত করে নিজেদের ভাগ্য বদলের জন্য চেষ্টা করতে অনুরোধ করেন।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ বলেন, সমাজের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের মাঝে এই আর্থিক সহায়তার চেষ্টা করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে আরো সহায়তা অব্যাহত থাকবে।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রব বলেন, আমাদের সম্পদ প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু অভাব অনেক বেশি। আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যমত মানুষের সমস্যা দূর করার জন্য প্রচেষ্টা চালাবো। আপনারা এটুকু বিশ্বাস রাখবেন- আপনাদের বরাদ্দের অর্থ কেউ লুটপাট করবে না, আপনাদের হাতে পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পিরোজপুর পৌরসভার আমীর ইসাহাক আলী খান।
জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি জহিরুল হক এর পরিচালনায় মাওলানা শওকত আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের শুরু হয়। হলরুমে পূর্ব থেকেই বিভিন্ন এলাকা আগত ১৫০ জন তালিকাভুক্ত দুস্থ অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। জনপ্রতি তিন হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
