পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি জানান।
এর আগে রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘর থেকে মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়। সে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখের ছেলে।
পুলিশ সুপার জানান, অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
