পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের সঙ্গে পিরোজপুরেও তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন জেলা প্রশাসক আবু সাঈদ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল পরিষ্কার ও দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেশি। জনসচেতনতার অভাবেই পরিস্থিতির অবনতি হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে।
