পিরোজপুরে শিল্পকলা একাডেমীতে মুক্তিযুদ্ধের দুটি নাটক মঞ্চস্থ
‘জঙ্গি, অবক্ষয়, দুর্নীতি মানবে না এ সংস্কৃতি’ এই স্লোগান সামনে রেখে দেশব্যাপী জাতীয় নাট্যোৎসব-২০২০ এর অংশ হিসেবে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি নাটক।
পিরোজপুর নাট্যচক্রের প্রযোজনায় মান্নান হীরার ‘বৌ, এবং প্রদীপ চন্দ্র হালদার রচিত ফরহাদ জামিল রানার নির্দেশনায় বরিশাল ব্রজমোহন থিয়েটার এর অংশগ্রহণে মঞ্চনাটক ‘আপনাকে হত্যার উৎসব বাংলাদেশ ময়’ মঞ্চ নাটকটি মঞ্চস্থ হয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে শুক্রবার রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটি আয়োজন করে পিরোজপুর নাট্যচক্র।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগী) বাসুদেব ঘোষ, নাট্য ব্যক্তিত্ব আ. ফ. ম. রেজাউল করিম, জেলা নাট্যচক্রের সভাপতি খালিদ আবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য ইমরান হোসেন টারজান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নাটক সমাজের দর্পণ। তাই নাটকের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। দেশব্যাপী এই নাটট্যোৎসব নি:সন্দেহে নবীনদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে ব্যাপক ভূমিকা রাখবে।
