অনৈতিকতা, অসততা পরিহার করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সৃজনশীলতা, মেধা, মননশীলতা থাকলে জীবনে অনেক বড় হওয়া যায়। শিক্ষা সবার অধিকার আর সরকারের দায়িত্ব হচ্ছে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা। শিক্ষার্জন করে বড় হতে হলে অনৈতিকতা, অসততা পরিহার করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য।
আজ বুধবার সকালে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি শিশুও যেন বইয়ের অভাবে শিক্ষা থেকে ঝরে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি চালু করেছেন। এ কর্মসূচির অধীনে দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩৫ কোটি বই বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সকল স্তরে পুরুষের পাশাপাশি নারীদের প্রতিষ্ঠিত করে তাদের সম্মান, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতা দান করেছেন। যা দেশের সমৃদ্ধি বাড়িয়ে তুলছে। 
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণী উৎসবে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন। অনুষ্ঠানের সভাপতিত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী আযিযী। 
মন্ত্রী শ. ম. রেজাউল করিম এদিন শহরের করিমুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অপর একটি বই উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন। এ উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী।
পিরোজপুরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং ভকেশনাল পয়ায়ে ২ লাখ ৭৭ হাজার ৪৩৮ শিক্ষার্থী বিনামূলে নতুন বই পেয়েছে।
পরে মন্ত্রী পিরোজপুর সদর থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে সদর থানার জন্য একটি পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।
এসময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহনেওয়াজ, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদলসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রী বুধবার দুপুরে জেলা স্টেডিয়ামে বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন।
