স্বরূপকাঠীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের প্রতিবাদে মানববন্ধন
জেলার স্বরূপকাঠীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক রিপন হাওলাদার নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক শিক্ষকরা।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে উপজেলা পরিষদে সামনে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেয়।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক রিপন হাওলাদার উপজেলার দক্ষিন জলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে চাকরি করতেন।
মানববন্ধনে বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক রিপন হাওলাদারের মৃত্যুর ঘটনার সাথে জড়িত বাস চালককে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনাসহ নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবী জানানো হয়। দাবী না মানলে আরো কর্মসূচি ঘোষণা করে রাস্তায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শেখ মো. নুরুল আমীন, অশোক কুমার দাস, আব্দুল হালিম, সীমা রানী হালদার, মিথিলা আক্তার, রফিকুল ইসলাম রুমি, শাহনাজ জুয়েল, মো. রফিকুল ইসলাম, ও ঝালকাঠির পিটিআই’র প্রশিক্ষণরত রিপনের সহযোগী শিক্ষক সাদেক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর উপজেলার দক্ষিণ জলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন হাওলাদার মোটর সাইকেল যোগে সদর উপজেলা থেকে গ্রামের বাড়ী যাচ্ছিলেন। এসময় দক্ষিন স্বরূপকাঠি এলাকায় পৌঁছলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
