প্রধান সূচি

পাইকগাছায় শোক দিবসের অনুষ্ঠানে ইউএনও’র হাসি মুখে ছবি ॥ ফেসবুকে সমালোচনার ঝড়

খুলনার পাইকগাছায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ‘হাস্যোজ্জল মুখে’ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হাসিমুখে ছবি তোলেন ইউএনও জুলিয়া সুকায়না। এমনকি শোক র‌্যালীতেও তাকে হাসাহাসি করতে দেখা যায়।

ছবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক অর্পন ও শোক র‌্যালীতে দেখা যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও অন্যান্য শিক্ষক। অন্যান্যরা ভাবগম্ভীর অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্ঘ্য নিবেদন ও শোক র‌্যালী করেন। অথচ বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ও  শোক র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সরকারি কলেজের এক শিক্ষককে হাসাহাসি করতে দেখা যায়। ছবিতে মনে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুচকি হেসে অন্যদের ফটোসেশনে উৎসাহ দিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার হাসিমুখে জাতীয় শোক দিবস পালনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন খোকন ফেসবুকে মন্তব্য করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করার দৃশ্য কেন এমন হয়!!..। মিডিয়া কর্মী পলাশ কর্মকার লেখেন- ‘এমন ফটোসেশন বাঙালী দেখতে চায় না…। জি.এম. মিজানুর রহমান মন্তব্য করেন- ‘শোক না ওনারা ফটোসেশন করছে আনন্দে তাই বলা হচ্ছে নাকি?’। নিশিত মিস্ত্রি মন্তব্য করেন- ‘শোকাহত হয়নি তাই হাস্যোজ্জ্বল এ দৃশ্যটি?’।

সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ফসিহ উদ্দীন মাহতাব তার ফেসবুক আইডিতে মন্তব্য করেছেন- ‘১৯৭৫ সালের ১৫ আগষ্ট নরপিচাশরা জাতির পিতা বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যা করে। জাতির মহান নেতাকে হারিয়ে আমরা শোকাহত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু’র নেতৃত্বে দেশ স্বাধীন না হলে কেউ মন্ত্রী, এমপি, অফিসার, সাংবাদিক বা অন্য কোনও কিছু হতে পারতাম না। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দিনটি (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ঘোষণা করেছে বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। দিবসটি দেশব্যাপি জাতি গভীর শোকের মধ্য দিয়ে পালন করেছেন। অথচ খুলনা জেলার পাইকগাছা উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা শোক নয়, যেন হাস্যোজ্জল (দায়সারা) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন’।

স্থানীয় এক সাংবাদিকের ফেসবুকে ছবিসহ মন্তব্যও লেখা হয়েছে- বিষয়টি খুবই বেদনার ও অমার্জনীয়।

স্থানীয় সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সোহরাব আলী সানাসহ অনেকেই বিরূপ মন্তব্য করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার পাইকগাছায় যোগদান পর থেকে একের পর বির্তকিত কর্মকান্ড করে সমালোচিত হয়েছেন।

এদিকে,ইউএনও জুলিয়া সুকায়না ‘হাস্যোজ্জল মুখে’ পোজ দেওয়া ছবিটির বিষয় অস্বীকার করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial