শিক্ষকতাকে চাকুরির সাথে তুলনা করবেন না … শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, শিক্ষা ব্যবস্থায় একটা আমুল পরিবর্তন আনা এখন সময়ের দাবী। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এসব গুন না থাকলে সেই শিক্ষা কোন শিক্ষা নয়। এ কুশিক্ষা নিয়ে জাতি কিছুই করতে পারে না। আমি অবাক হয়ে যাই যখন শিক্ষক নামের কোন কলঙ্কিত ব্যক্তির হাতে মাসুম বাচ্চা নিগৃহিত হয়। তখন লজ্জা ও ঘৃনায় মাথা অবনত হয়ে আসে। এদের রক্ষায় তাদের পাশে কেউ দাড়াবেন না। সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ব্যাধি আমাদের রুখে দাড়াতে হবে।
তিনি আজ শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোমলমতি শিশুদের মাদক, ইন্টারনেটের অপব্যাবহার. ইভটিজিং ইত্যাদি প্রবনতা থেকে রক্ষা করতে শিক্ষকদের বিশেষ ভুমিকা রাখতে হবে। শিক্ষকতাকে চাকুরির সাথে তুলনা করবেন না। চাকুরি এবং শিক্ষার মহান পেশা এ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে। নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেবেন সন্তানদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। সদ্য পাশকরা বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে। দেশে প্রতিটি বিভাগে বিশেষায়িত বিশ^ বিদ্যালয় প্রতিষ্ঠা করে আগামী প্রজন্মকে দক্ষ করে তোলার জন্যই মেডিকেল বিশ^ বিদ্যালয়, প্রযুক্তি ও বিজ্ঞান বিশ^ বিদ্যালয়, টেক্সটাইল ও সিরামিক বিশ^ বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। যা শেখ হাসিনা সরকারের ১০০ বছরের সুদূরপ্রসারী দৃষ্টির প্রতিফলন।
পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষক সমিতির জেলা সভাপতি সুখরঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওসার আলী শেখ, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান, মোস্তফা জামান খান, সুনীল বরণ হালদার প্রমুখ।
