প্রধান সূচি

পিরোজপুর পৌরবাসী চরম পানি কষ্টে

পিরোজপুর পৌর এলাকায় পানি সরবরাহ পরিস্থিতি অত্যন্ত শোচনীয় অবস্থা ধারণ করেছে। এক দিকে রমজান অন্য দিকে লাগাতার গরমের মধ্যে পানি সংকট শহরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। পিরোজপুর শহরে ৬ সহ¯্রাধিক পানির গ্রাহক রয়েছে। পৌর পানি সরবরাহ প্রকল্প থেকে এই গ্রাহকদের দিনে দুই বার পানি সরবরাহ করা হয়। প্রায় দেড় কোটি গ্যালন পানি গ্রাহকদের মাঝে প্রায় ১০০ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় বলে জানা গেছে। সেই হিসেবে গ্রাহক প্রতি দৈনিক ২৫০০ গ্যালন পানি পাওয়ার কথা। প্রকৃত পক্ষে এই হিসাব কতটা সঠিক তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। শহরে যেসব পানির গ্রাহক রয়েছেন তার মধ্যে নানা শ্রেণি বিদ্যমান। হাফ ইঞ্চি, তিন চতুথাংশ ইঞ্চি, এক ইঞ্চি ইত্যাদি শ্রেনিতে বিভক্ত গ্রাহকরা শ্রেণিভেদে পানি পেয়ে থাকেন। ন্যূনতম চার্জসহ পানির ব্যবহারের উপরে মিটারের মাধ্যমে প্রাপ্ত রিডিং দেখে পানির বিল দেয়া হয় এবং গ্রাহকরা তা পরিশোধ করেন। কিন্তু এক মাস ধরে হঠাৎ শহরের পানির সরবরাহ পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় উপনীত হয়েছে যে চলতি রমজান মাসে পৌরবাসীকে পানির কষ্টে হা-পিত্তেশ করতে হচ্ছে। সরবরাহ লাইনের মাধ্যমে যে পানি অতীতে দেয়া হতো বর্তমানে তার পরিমাণ খুবই কম।

এ ব্যাপারে পৌর পানি সরবরাহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন, মাঝে মাঝে প্রকল্পের ওয়াটার ট্র্রিটমেন্টের মোটরপাম্প নস্ট হয়ে যায়। বৃহস্পতিবার আগের রাত থেকে পাম্পে কিছুটা ত্রুটি ধরা পড়ে এবং দিনের বেলা তা মেরামত করা হয়। যে কারণে পানি সরবরাহের শিডিউল রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া বৃষ্টি না থাকায় পানির কষ্ট বেশী অনুভূত হচ্ছে। সূত্রটি আরও জানান, কিছু প্রভাবশালী-অসাধু গ্রাহক সরাসরি পাইপ লাইনের সাথে মোটরপাম্প লাগিয়ে পানি টেনে তাদের ওভারহেড ট্যাঙ্ক ভর্তি করার কারণে অন্য গ্রাহকরা পানি কম পাচ্ছেন।

এ বিষয়ে পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক জানান, প্রতিদিন দুই বেলা করে পর্যাপ্ত পানি সরবরাহ করা হচ্ছে। তবে সম্প্রতি পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে গিয়ে সাময়িক একটু সমস্য হয়েছিল। তারপরও পানি সরবরাহে সমস্যা থাকলে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial