বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
পিরোজপুরে চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের জমজমাট যুক্তিতর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়। চুড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা তাসনিম এজাজ সুবাইতা।
চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলো- ফাতিমা সাইবুল, নাকসুন নাজাহ্ এবং তাসনিম এজাজ সুবাইতা। রানারআপ দলের বিতার্কিকরা হলো- তীর্থ হালদার, মাহির সাহরিয়ার এবং মারোয়ান মুসা।
বুধবার পিরোজপুর এপেক্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিএফএফ-সমকাল ১২তম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় জেলার ৮টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হল- পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় এবং করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম ও অতিথিবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, মডারেটর পিরোজপুর সরকারী মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যপক সমর কৃষ্ণ ঘরামী, পিরোজপুর চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মেহেদী হাসান, পিরোজপুর এপেক্স ক্লাব সভাপতি কাজী রহিমা আক্তার হাসি।
এর আগে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি পিরোজপুর জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, বিতর্ক প্রতিযোগিতার বিচারক পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রহিমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রহিমা আক্তার, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফয়সাল চোকদার এবং আইসিটি বিভাগের প্রভাষক শান্তনু বসু।
অতিথিরা উৎসবের প্রশংসা করে বলেন, বিজ্ঞানের ইতিবাচক চর্চাকে আন্দোলনে রূপ দিয়ে এ আয়োজন অব্যাহত রাখতে হবে। সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক আর সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজন্মকে অনুসন্ধানী ও জ্ঞানপিপাসু হতে হবে। সমকালের এ আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কুংসংস্কার ও মাদক থেকে দূরে রাখবে। একইসাথে বিজ্ঞান চর্চা ও গবেষনার মাধ্যমে আজকের শিক্ষার্থীরা বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে।
