পিরোজপুরে জাতীয় যুব দিবস পালিত : যুব মেলার উদ্বোধন
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে তিন দিনব্যাপী যুব মেলার উদ্বোধন করা হয়।
রবিবার পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।
দিবসের শুরুতে রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এসে শেষ হয়।
র্যালি শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, সফল আত্মকর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা এবং যুবসমাজের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে সফল আত্মকর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের মাঝে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী যুব মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং যুবদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও পণ্যের প্রশংসা করেন।
