জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান : কাল শপথ গ্রহণ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি নেত্রী এলিজা জামান। আজ মঙ্গলবার তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন।
পিরোজপুরের সন্তান এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক। এছাড়া তিনি জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে তাঁকে নির্বাচিত ঘোষণার তথ্য জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী ১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত তালিকায় একমাত্র প্রার্থী থাকায় এ আসনে আর ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না।
এর আগে ২৬ অক্টোবর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। তখন তিনি জানিয়েছিলেন, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আলোচনায় আসেন সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ ঘটনায় তাঁর নাম আসার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কাল মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীনও শপথ গ্রহণ করবেন।
মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) রাশেদ মিজান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
