বাগেরহাটে বখাটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীসহ আহত দুই
বাগেরহাটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ শিক্ষার্থী ও তার বোনকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী ও তার বোন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কচুয়া থানায় বড় বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ বুধবার বিকেলে বখাটে বাদশা শেখ (৩২) কে আটক করেছে।
আহত কলেজ ছাত্রী (২৪) জানান, কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের আমজাদ শেখের ছেলে বাদশা শেখ গত ৪ বছর ধরে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। আমি প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজে যাওয়া আসার পথে আমাকে বিরক্ত ও মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। দু–বছর পূর্বে পারিবারিকভাবে আমাকে বিয়ে দেয়। বিয়ের পর বাদশা আরও ক্ষিপ্ত হয়ে, আমার স্বামীকেও নানারকম ভয় ভীতি প্রদান করে।
গত সোমবার বিকেলে আমি বাড়ির সামনে বের হলে আমাকে ছুরিকাঘাত করে। আমাকে বাঁচাতে গেলে বাদশা আমার বড়বোনের হাতে ছুরিকাঘাত করে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
কলেজ ছাত্রীর মা ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাহাদাত হোসেন বলেন, কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামী বাদশাকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে, এর সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।
