পাইকগাছায় অস্ত্র ও মাদক উদ্ধার ॥ আটক-৩
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় রায়হানের নাম উল্লেখ ও সাইদুলকে পলাতক দেখিয়ে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ উপজেলার লক্ষীখোলা গ্রামের কবির সরদারের ছেলে রায়হান সরদার (২৪), একই এলাকার হামিদ মোল্ল্যার ছেলে নাজমুল মোল্ল্যা (২০) ও গোপালপুর গ্রামের দাউদ সরদারের ছেলে ইকরামুল হাসান ওরফে ইমন (২০)কে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রায়হান জানায়, পৌরসভার গোপালপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সাইদুল ইসলামের বাড়িতে অস্ত্র আছে। তার তথ্য অনুযায়ী রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সাইদুরের বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক সদৃশ পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক শেখ জানান, আটককৃতরা চুরি, ছিনতাই ও মাদক কেনাবেচাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজ করে আসছিল। আটক রায়হানের স্বীকারোক্তি মোতাবেক সাইদুরের বসত বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
