নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলায় ৪৯ জনকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার দুপুরে যোহর নামাজ বাদ শহরের সরুই মাদ্রাসার শিক্ষকদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে মুসল্লিরা।
মিছিলে জেলা তাতী লীগের সভাপতি আব্দুল বাকি তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদের সরদার, সরুই মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা আবুল বাশারসহ আরও সহ¯্রাধিক মুসল্লি অংশগ্রহন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক), বাগেরহাটের সভাপতি সরুই মাদরাসার শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকি।
বক্তারা বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা কারীর ফাঁসি দিতে হবে। জাতিসংঘে এ হামলার নিন্দা প্রস্তাব তুলতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে বহির্বিশ্বে এ হামলার জন্য নিন্দা প্রস্তাব ও বিচারের দাবি জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান মিছিলকারীরা।
