প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স
ভান্ডারিয়ায় ১১টি পানি শোধনাগার উদ্বোধন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা এলাকায় ১১টি পানি শোধনাগার যৌথভাবে উদ্বোধন করেছেন। ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে স্থাপিত ভিডিও স্ক্রিনে এই উদ্বোধনের সচিত্র দৃশ্য শত শত মানুষ প্রত্যক্ষ করেন। এ সময় সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি কথা বলেন।
ভারত সরকারের সহায়তা ভান্ডারিয়া পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই প্লান্টগুলো স্থাপন করা হয়েছে। এক একটি প্লান্টে ঘন্টায় ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি শোধনাগার থেকে সরবরাহ করা সম্ভব হবে। প্রতিটি পানির প্লান্টে একটি ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক আছে যার ধারণ ক্ষমতা ৪৮ হাজার লিটার পানি।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় নি¤œআয়ের মানুষ সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরের একটি পৌরসভা হওয়ার কারণে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের প্রয়োজনীয়তা
দেখা দিয়েছে। তবে ভান্ডারিয়া পৌরসভা এলাকায় পানিতে লবণাক্ততা স্বাভাবিকের চেয়ে বেশী। এ কারণে এ অঞ্চলের মানুষ প্রায়শই অস্বাস্থ্যকর উৎস থেকে খাবার এবং রান্নার পানি সংগ্রহ করে থাকেন। ভান্ডারিয়া পৌরবাসীর দুর্ভোগ লাঘবে গত ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশন এবং ভান্ডারিয়া পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যদিয়ে ভান্ডারিয়া পৌর এলাকায় পানি শোধনাগার স্থাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। গত বছরের অক্টোবরের ২৩ তারিখ ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ আরও কয়েকটি প্রকল্পের সাথে এ প্রকল্পের উদ্বোধন করেন। তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধণ শ্রিংলা ৩ ডিসেম্বর ভান্ডারিয়ায় পানি শোধনাগারের ভৌত ও অন্যান্য কাজের উদ্বোধন করেন। নির্মান কাজের সমাপ্তি শেষে সোমবার বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীদ্বয় প্রকল্পের উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান ভান্ডারিয়ায় আরও যারা প্রত্যক্ষ করেন তারা হলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার প্রমুখ। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পৌর কাউন্সিলর ও জেপি নেতা গোলাম সরওয়ার জোমাদ্দারসহ পৌর কাউন্সিলর ও পৌর সহায়তা কমিটির সদস্য এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থায়নে ভান্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়নে অনুরূপ পানি শোধনাগার প্রকল্প নির্মিত হচ্ছে। ইতিমধ্যে ৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে।
