পাইকগাছায় ৩০ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার শ্রমিক-মালিকদের সাথে প্রশাসনের বৈঠক
পাইকগাছায় ঈগল পরিবহনের ধাক্কায় স্কুল ছাত্র সাব্বির গুরুতর আহত হওয়ায় বিক্ষুদ্ধ ছাত্ররা ঈগল পরিবহন কাউন্টারের সামনে আগুন ও ২টি মিনিবাস ভাংচুর করে। এ ঘটনায় সকল যানবাহন বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ৩০ ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও শ্রমিকদের সাথে বৈঠক শেষে সড়ক উন্মুক্ত করলে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল শুরু হয়।
বুধবার সকালে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি গাড়ী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মুনতাছির সাব্বিরকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে ধাক্কায় দেয়। মারাত্মক আহত হলে মুমুর্ষূ অবস্থায় তাকে খুলনার একটি প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে ভর্তি করা হয়।
যার প্রতিবাদে শ্রমিকরা বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। চলাচলের স্বার্থে স্থানীয় জনগণ পৌরসভার অলি-গলিতে যাতায়াত করতে যেয়ে ব্যাপক বিড়ম্বনার শিকার হচ্ছে। ইঞ্জিনভ্যান, মটরসাইকেল, নছিমন-করিমন বিকল্প হিসেবে সংকীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। ৫ মিনিটের পথ এক থেকে দেড় ঘণ্টা লাগছে পার হতে।
এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, শ্রমিক-মালিকদের সাথে বসে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে।
