পাইকগাছায় আ’লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ॥ আটক ৮
পাইকগাছায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচন অফিসে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জামায়াত নেতাসহ ৮ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় গদাইপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ১২টায় উপজেলার গদাইপুর বাজার মোড়ে নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও বোমার বিষ্ফোরণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে দুর্বৃত্তরা। নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করায় তৈরীকৃত নৌকা, চেয়ার টেবিলসহ অফিসটি পুড়ে যায়। ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। বুধবার সকালে ঘটনাস্থলে যান নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. হেলাল হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার বিশ্বাস এবং উপজেলা নির্বাহী, অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়না।
এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা এডভোকেট আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মজিদ, ডা. আব্দুস সাত্তার, ওবাইদুর রহমান, মহাসিন গাজী, মিজানুর রহমান, গাউস সরদার, ইমান সরদারকে আটক করেছে।
ঘটনায় প্রতিবাদে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে গদাইপুর বাজার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
