জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আ’লীগে যোগদানের আহবান জানালেন এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আওয়ামী লীগে যোগদানের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি।
আজ শুক্রবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এ সময় তিনি বলেন আপনার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের মানুষ ছিলেন। বঙ্গবন্ধু তাকে খুব মান্য করতেন। এখন আপনি কেন দূরে দূরে থাকবেন। আপনি আওয়ামী লীগে যোগদান করছেন কেন। আপনি আওয়ামী লীগে যোগদান করেন।
মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা খুব ভাগ্যবান যে আনোয়ার হোসেন মঞ্জুর মত একজন শক্তিশালী ও বড়মাপের মানুষ পেয়েছেন। যার সবসময় চিন্তা থাকেএলাকার উন্নয়ন নিয়ে। তার ব্যাপক উন্নয়নে ভান্ডারিয়া উপজেলাকে তিনি জেলার সমমানে রূপান্তরিত করেছেন।
মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। একসময় সারা বাংলাদেশের বাজেট ছিল ৭ হাজার কোটি টাকা। বর্তমানে শুধুমাত্র পিরোজপুর জেলায় ২ হাজার কোটি টাকার কাজ চলছে। ভান্ডারিয়া উপজেলায় ১ হাজার ৮০২ কোটি টাকার কাজ চলছে। দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী জাতিয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, ঈমান যদি ঠিক থাকে, জনগনের জন্য কাজের উদ্দেশ্য থাকে সর্বপরি মানুষ ঐক্যবদ্ধ থাকে সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। তিনি আরও বলেন, আমি ৩২ বছর আপনাদের সাথে আছি এবং একটি কথাই বলেছি উন্নয়নের কোন বিকল্প নেই, দলমত নির্বিশেষে এলাকার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, উন্নয়নকে কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমির সভাপতিত্বে এবং জাতীয় পার্টি (জেপি) সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমূখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির প্রমূখ।
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আনুষ্ঠানিকভাবে ভান্ডারিয়া উপজেলার নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেন। পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করেছে। ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চার তলা কংক্রিট ফ্রেম স্ট্রাকচার মূল ভবনের ৩২টি কক্ষ রয়েছে। হলরুমসহ ভবনের সর্বমোট আয়তন ২১ হাজার বর্গফুট। ২০১৭ সালের ৭ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সম্পন্ন হয়।
এছাড়া এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। এ সব উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভান্ডারিয়ায় আগমন উপলক্ষে সারা শহরকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়। হাসপাতাল মাঠের হেলিপ্যাড থেকে উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠান স্থল পর্যন্ত রাস্তার দুই পাশে শত শত মানুষ দাড়িয়ে অতিথিকে অভ্যর্থনা জানান। উদ্বোধনী অনুষ্ঠানের উপচে পড়া মানুষের পাশাপাশি বাইরেও শত শত মানুষ রাস্তায় ও বিভিন্ন স্থানে দাড়িয়ে অতিথিদের বক্তব্য শোনেন।
