প্রধান সূচি

নাশকতার সন্দেহে বিএনপির ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৪

সরকারের ভাবমুর্তি ক্ষুন্নসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের অভিযোগ এনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতের দায়েরকৃত এ মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ নামিও ২৫ ও অজ্ঞাত ৫০/৬০ জন নেতাকর্মীকে আসামি করা হয়। মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক জাহিদ হাসান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন। অপরদিকে বুধ ও বৃহস্পতিবার আটককৃত বিএনপি নেতা শামীম মৃধা, মনিরুজ্জামান ছোট্ট, মতিউর রহমান টিটু ও সেলিম মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য মঠবাড়িয়া-গুদিঘাটা সড়কে নির্মানাধীন সেতুর মালামাল খালে ফেলে দিয়ে ক্ষতিসাধন ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্নসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল জানান, বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও এলাকায় নির্বাচনী পূর্ব প্রস্তুতিতে বাধা দেয়ার জন্যই ঘটনাহীন মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি মাটি কাটার খোনতা, তিনটি লোহার শাবল, তিনটি চাপাতি, দুইটি দা, একটি কুড়াল, তিনটি মাটি কাটার কোদাল, ১০টি স্যান্ডেল ও চারটি টর্চলাইট জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial