বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে পিরোজপুরে সোমবার দুপুরে আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্ত্তী।
তানজিন আফরিন জিসার পরিচালনায় অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী।
কুইজ প্রতিযোগিতায় আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন এবং বঙ্গবন্ধুর সংগ্রামী কর্মময় জীবনের উপর বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়ে পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য পিরোজপুরের জেলা প্রশাসক ও শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ খায়রুল আলম সেখ এর এর অনুপ্রেরণায় শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ কর্মকর্তাবৃন্দ এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় পরবর্তিতে পিরোজপুরের কিয়ামউদ্দিন উচ্চ বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা বিদ্যালয়, এ এস টি একাডেমি, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কুইজ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আফতাবউদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয় এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেরে বাংলা পাবলিক লাইব্রেরি এই প্রতিযোগিতায় বিজয়ীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুরস্কার হিসেবে প্রদান করছে এবং আনুসাংগিক খরচ বহন করছে।
